ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা করবেন বলে আশা করছেন জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূত ড্যান মজিনা।
রোববার মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।
এশিয়া সফরে রোববার থাইল্যান্ড পৌঁছেছেন ওবামা, সোমবার তিনি মিয়ানমার যাবেন। ওবামাই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি মিয়ানমার সফরে যাচ্ছেন।
বৌদ্ধপ্রধান মিয়ানমারে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গারা বিভিন্ন সময়ে দমন-পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এক যুগের বেশি সময় ধরে ৫ লাখ শরণার্থীর চাপ সামলাতে হচ্ছে বাংলাদেশকে। এর পাশাপাশি দাঙ্গার কারণে আরো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় চাইছে।
মজিনা বলেন, “আমি মনে করছি (ওবামার সফরের) মূল উদ্দেশ্য হচ্ছে দেশটিতে গণতান্ত্রিক ধারা সুসংহত করা। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সমস্যা।”
“আমি বাংলাদেশে থেকে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার বিষয়টি জানি। সুতরাং, আমি নিশ্চিত এই বিষয় মিয়ানমারে ফলপ্রসূ আলোচনা হবে।”
রোহিঙ্গাদের নিজেদের আদিবাসী দাবি করলেও তার স্বীকৃতি দেয় মিয়ানমার। পাশাপাশি দেশটির কারো কারো মত, রোহিঙ্গারা বাংলাদেশি এবং তারা মিয়ানমারে অভিবাসী হিসেবে রয়েছে।
মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সুচি কয়েকদিন আগে রোহিঙ্গাদের বাংলাদেশি উল্লেখ করলে ঢাকার পক্ষ থেকে রোববার তার প্রতিবাদ জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএ/এমআই/২২৫৬ ঘ.
bdnews24