ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার সময় খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুরোধ জানানোর কথা স্বীকার করে ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান সাদিক হাসান রুমি বলেছেন, ওই সময়কার সেনাপ্রধান মইন উ আহমেদের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে গিয়েছিলেন তিনি।
২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় সাক্ষ্য দিতে ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে আসা সাদিক রোববার আসামি পক্ষের জেরার মুখে এই স্বীকারোক্তি দেন।
সাদিক বলেন, ২০০৭ সালের ৪ এপ্রিল ঢাকা সেনানিবাসের মইনুল সড়কে খালেদা জিয়ার বাড়িতে গিয়ে তাকে বিদেশে যাওয়ার অনুরোধ করেন।
“সেনাবাহিনীর তৎকালীন চিফ অব আর্মি স্টাফের নির্দেশেই ওই বাসায় গিয়েছিলাম,” বলেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর দেশের শাসনভার নেয় সেনা মদদপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার। ওই সময় দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। দুই নেত্রীকে বন্দিও করা হয়েছিল তখন।
জরুরি অবস্থা জারির দিন সেনাপ্রধান মইন উ আহমেদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী (তখন ডিজিএফআইয়ে কর্মরত) ছিলেন কি না- আইনজীবী জানতে চাইলে সাদিক বলেন, “হ্যাঁ, উপস্থিত ছিল।”
নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের সামনের ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে সাক্ষ্য দেন সাদিক হাসান। বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে সোমবারও তাকে জেরা চলবে।
শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার এই মামলায় সাদিক হাসান রাষ্ট্রপক্ষে সম্পূরক অভিযোগপত্রের ১৪ নম্বর সাক্ষী।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে। এরপর তত্ত্বাবধায়ক সরকার আমলে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি।
বর্তমান সরকার আমলে অধিকতর তদন্তের পর তারেক রহমানসহ আরো ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়।
২১শে আগস্ট গ্রেনেড বোমা হামলার মামলার আসামি মুফতি হান্নান এবং শেখ আব্দুস সালামের পক্ষে আসামি পক্ষের আইনজীবীরা এ জেরা করেন।
সাদিক হাসান জানান, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে ২০০২ সালের মে মাস থেকে ২০০৭ সালের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।
জবানবন্দিতে তিনি জানান, ২০০৪ সালে গ্রেনেড হামলার পর তার অধীনস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমিন চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারকে হরকাতুল জিহাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এবং জঙ্গি সংগঠনটির নেতাদের সঙ্গে কয়েকটি বৈঠকও হয়।
হামলায় জড়িতদের চিহ্নিত করতে নিষিদ্ধ সংগঠন হুজির সঙ্গে যোগাযোগ গড়ে তোলা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাদিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১৩৩ ঘ.
bdnews24