ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে আরো ট্রাইব্যুনাল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।
আইনমন্ত্রীর গাড়ি বহরে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে রোববার আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
রোববার দুপুরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আয়োজনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার আমীর বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু এর বিচার হয়নি। বর্তমান সরকার এর বিচারের উদ্যোগ নিয়েছে। কিন্তু একাত্তরের অপরাধীরা এই বিচারকে বানচাল করতে চায়।
সংবিধান প্রণয়ন কমিটির এই সদস্য মনে করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার না হওয়া জাতির জন্য লজ্জার। এর বিচার হলে দেশের ভবিষ্যত প্রজন্ম এই লজ্জা থেকে মুক্তি পাবে। এই বিচার হলে এ দেশে কেউ অপরাধ করে পার পেয়ে যায় না- আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছেও এটা প্রতিষ্ঠিত হবে।
“আর কোনোদিন যাতে এ দেশে হত্যা, সন্ত্রাস বা জঙ্গিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে- সেজন্য যুদ্ধাপরাধের বিচার হওয়া দরকার। এই বিচার করতে প্রয়োজনে আরো ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানাচ্ছি।”
একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান, বিচারপতি এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদকে সদস্য করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (প্রথম ট্রাইব্যুনাল)।
একই দিন ঘোষণা করা হয় তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যদের নাম।
এরপর ২০১২ সালের ২২ মার্চ দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেক্টর কামান্ডার্স ফোরামসহ বিভিন্ন সংগঠন জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে আসছিলো। আরো কিছু ট্রাইব্যুনাল গঠনের দাবিও ছিল অনেকের।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইনজীবী সমন্বয় পরিষদেও সদস্য সচিব সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি কেএম সাইফুদ্দিন আহমেদ, সম্পাদক অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন মেহেদি, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল বারী, সৈয়দ মামুন মাহবুব, রবিউল আলম বুদু, মো. আজহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২১৩৪ ঘ.
bdnews24