ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে সোয়া আট কিলোমিটার দীর্ঘ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণের কাজ।
এ প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্মাণ কাজের উদ্বোধন করবেন। তার দেয়া সময় অনুযায়ীই ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
রোববার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স নাভানা জেভি’ এবং চীনা প্রতিষ্ঠান ‘দি নম্বর ফোর মেটালারজিকাল কনস্ট্রকাশন ওভারসিজ কোম্পানির সঙ্গে ফ্লাইওভার নির্মাণের বিষয়ে চুক্তি করে সরকার।
আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত এ দুটি প্রতিষ্ঠান ফ্লাইওভারটির দুটি অংশের (প্যাকেজ) নির্মাণ কাজ করবে। আর বিষয়টি তদারক করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, ‘সিমপ্লেক্স নাভানা জেভি’র বাণিজ্যিক উন্নয়ন ব্যবস্থাপক গৌতম ব্যানার্জি এবং এমসিসিসি ফোরের উপ-ব্যবস্থাপক ঝু ইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান, এ ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে মোট ৭৭২ কোটি ৭০ লাখ টাকা।
এর মধ্যে সৌদি উন্নয়ন তহবিল (এসএফডি) ৩৭৫ কোটি ২৫ লাখ এবং ওপেক আন্তর্জাতিক উন্নয়ন তহবিল (ওএফআইডি) ১৯৬ কোটি ৯৮ লাখ টাকা দেবে। বাকি টাকার যোগান দেবে বাংলাদেশ সরকার।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ২০১১ সালের ৮ মার্চ একনেকের অনুমোদন পায় এ প্রকল্প। নির্মাণ শুরুর দুই বছরের মধ্যেই এ কাজ শেষ করতে হবে।
চার লেনবিশিষ্ট এ ফ্লাইওভার থেকে তেজগাঁও সাতরাস্তা, এফডিসি, মগবাজার, ইস্কাটন, হলিফ্যামিলি হাসপাতাল, মগবাজার টিএন্ডটি, রামপুরার চৌধুরীপাড়া, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইন এবং শান্তিনগর চৌরাস্তায় ওঠা-নামার ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে এই ফ্লাইওভারের দৈর্ঘ্য দাঁড়াবে আট দশমিক ২৫ কিলোমিটার।
“এতে যানজট কমে ঢাকার উত্তর এলাকায় চলাচল সহজ হবে। মগবাজার ও মালিবাগ রেলগেটে বিনা বাধায় যানবাহন চলাচল করতে পারবে।”
অন্যদের মধ্যে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান ও প্রকল্প পরিচালক নাজমুল হোসেনসহ সংশ্লিষ্টরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫২৫ ঘ.
bdnews24