২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য মিশনের দায়িত্বে মিজারুল কায়েস

যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০০৯ সালের ৮ জুলাই থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা মিজারুল কায়েস যুক্তরাজ্য হাই কমিশনে সাইদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মিজারুল এর আগে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জেনেভা, টোকিও ও সিঙ্গাপুরে বাংলাদেশ মিশনে কূটনীতিক হিসেবে কাজ করেছেন তিনি। মহা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন মন্ত্রণালয়ের সার্ক ও দক্ষিণ-পূর্ব এশিয়া ডেস্ক এবং অর্থনৈতিক বিষয়, বহিঃপ্রচার বিভাগেও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের ২৪তম পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সময়ই দুই দফা ভারত-বাংলাদেশ সম্মেলন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফর এবং দুটি সার্ক সম্মেলন হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন ও শরণার্থী বিষয়ক ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই কূটনীতিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়ার পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন মিজারুল কায়েস। ব্যক্তিগত জীবনে দুই সন্তনের জনক মিজারুল বাংলা একাডেমী ও জাতিসংঘের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আজীবন সদস্য। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডেরও একজন সদস্য তিনি। আগামী মাসেই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৩৩১ ঘ.