২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ৩৭ জামায়াতকর্মী আটক

চট্টগ্রামের ষোলশহর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 06:58 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ষোলশহর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহনও ভাংচুর করেছে তারা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রবাসে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল সাড়ে নয়টার দিকে ষোলশহর দুই নম্বর গেইটে হঠাৎ মিছিল নিয়ে পুলিশের একটি পিকআপে চড়াও হয় জামায়াত-শিবির কর্মীরা। তাদের হামলায় এসআই বশির উদ্দিন, কনস্টেবল ইলিয়াস, ফিরোজ ও নুরুল ইসলাম আহত হন। পুলিশের পিকআপটিও ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবির কর্মীদের মিছিলটি দুই নম্বর গেইট থেকে প্রবর্তক মোড়, চকবাজার হয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে এসে মিলিয়ে যায়। যাবার পথে প্রবর্তক মোড়ে কয়েকটি দোকান এবং যানবাহনে ভাংচুর চালায় মিছিলকারীরা। অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত-শিবির কর্মীরা পুলিশের একটি পিকআপ ছাড়াও আট-দশটির মতো যানবাহন ভাংচুর করেছে। তিনি জানান, হামলার ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রবাসে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়। অভিযানে ছাত্রাবাস থেকে হকিস্টিকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় বলে এক পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/জেকে/১৫৩৫ ঘ.