সাভার, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে তৈরী পোশাক কারখানার এক বিদেশি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৬০ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকদের পুলিশ লাঠিপেটা করলে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্ট কালের বন্ধ ঘোষণা করেছে ।
শনিবার সাভার পৌর এলাকার দক্ষিন দড়িয়াপুর মহল্লায় জেকে গ্রুপের প্রতিষ্ঠান ‘জেকে ফেব্রিক্স লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তুলে বৃহস্পতিবার ‘জেকে ফেব্রিক্স লিমিটেড’ কারখানার সহকারী উপ মহাব্যবস্থাপক (উৎপাদন) শ্রীলংকার নাগরিক শরৎ কুমারকে মারধর করে শ্রমিকরা।
এ ঘটনায় পরদিন শুক্রবার কারখানার প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম বাদী হয়ে ৬৯ জন শ্রমিকের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে সাপ্তাহিক ছুটি শেষে শনিবার কারখানা খোলার পর সকালে শ্রমিকরা কারখানার ভিতরে প্রবেশের সময় মূল ফটকে ৬০ জনকে সাময়িক বরখাস্তের নোটিস ঝুলানো দেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এরই মধ্যে কারখানার ভিতরে থাকা কিছু শ্রমিক বিষয়টি জানতে পেরে তারা ভিতরে বিক্ষোভ দেখাতে থাকে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের একাধিক সদস্যরা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে অবস্থার বেগতিক দেখে দুপুর ১২টার মধ্যে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে প্রায় তিন হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে পাশে কর্ণপাড়া রোডে একটি মাঠে জড়ো হয়ে সমাবেশের চেষ্টা করে। খবর পেয়ে বিকাল ৩টার দিকে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের লাঠিচার্জে প্রায় ৩০ জন আহত হয়।
বিকাল ৫টার দিকে কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল বাতেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্নপাড়া হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাওয়া চেষ্টা করলে মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। তখন কিছু শ্রমিক সামান্য আহত হতে পারে বলে তিনি জানান।
‘জেকে ফেব্রিক্স লিমিটেড’ কারখানার কর্মকর্তা নাজির আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক অস্তোষের পর কর্তৃপক্ষ কারখানাটি অনিদির্ষ্টকালের বন্ধ ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩৪১ ঘ.
bdnews24