২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমার সংস্কৃতি আর নয়: আইনমন্ত্রী

ক্ষমার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই যুদ্ধাপরাধের মতো কর্মকা-ের বিচার চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই যুদ্ধাপরাধের মতো কর্মকা-ের বিচার চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি বলেন, “বিচার বিভাগকে শক্তিশালী ও নিরপেক্ষ করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবে সেটা হতে পারে না। সে লক্ষ্যেই অতীতে যারা মানবতা বিরোধী অপরাধ, হত্যা, লুণ্ঠন করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে।” জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে আইন ও বিচার মন্ত্রণালয়ের জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের আওতায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী এই কর্মশালায় আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে ইউএনডিপি ও ডিএফআইডি। বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ সংখ্যক সাজাপ্রাপ্তকে রাষ্ট্রপতির ক্ষমা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি সাংবিধানিকভাবেই এ কাজটি করেছেন। এর সঙ্গে অন্য কোন বিষয়ের সম্পর্ক নেই।” বাংলাদেশে এই পর্যন্ত মৃত্যুদ-প্রাপ্ত ২৫ আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন, এর ২১ জনকেই তা দেয়া হয়েছে আওয়ামী লীগের বর্তমান আমলে। স্বাধীনতার পর থেকে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগ পর্যন্ত রাষ্টপতির ক্ষমা পাওয়া ফাঁসির আসামির সংখ্যা মাত্র চারজন। ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, “এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। উনি (রাষ্ট্রপতি) এটা নিজের প্রজ্ঞা ও সুচিন্তিত মতামত দিয়ে করেছেন।” কর্মশালায় ৭ জেলা থেকে জেলা জজ, মুখ্য মহানগর হাকিম, বিচারিক কর্মকর্তা, প্যানেল আইনজীবী, জুডিশিয়াল সার্ভিস কমিশন, সুপ্রিম কোর্ট, জাতীয় মহিলা সংস্থা, সলিসিটর অফিস, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং বিভিন্ন এনজিও থেকে ৮৫ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত আইন সচিব আবু সালেহ শেখ মো. জাহিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচারক সৈয়দ আমিনুল ইসলাম ও জাস্টিজ সেক্টর ফ্যাসিলিটিজের টেকনিক্যাল অ্যাডভাইজার ক্রিশ্চিয়ান এলডন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২২০৪ ঘ.