ফেনী, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত এক জওয়ান ফেনীর কারাগারে মারা গেছেন।
মৃত নজরুল ইসলাম (২৮) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোলাম মোস্তফার ছেলে।
১২ রাইফেল ব্যাটালিয়নের সাবেক এই সিপাহী বিদ্রোহের দায়ে তিন বছরের কারাভোগ করছিলেন।
ফেনীর কারারক্ষক দিদারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নজরুল কাশিমপুর কারাগার থেকে স¤প্রতি ফেনীতে আনা হয়।
“শুক্রবার রাতে নজরুল রাতের খাবার খেয়ে টিভি দেখে অন্য কয়েদিদের সঙ্গে কথা বলে ঘুমাতে যান। রাত ৩টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভবের কথা জানালে তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা মস্তিষ্কে রক্তক্ষরণে নজরুলের মৃত্যু হয়েছে বলে কারা কর্মকর্তাদের ধারণা। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে কারাররক্ষক জানান।
তিনি বলেন, কারামুক্তির পর বিয়ে করার কথা বলেছিল নজরুল। শুক্রবার রাতে হবু স্ত্রীকে একটি চিঠিও লিখেছিল সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৭ ঘ.
bdnews24