গাজীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরের বড়ইতলী এবং সদরের ভাওয়াল গজারি বনে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ পেয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামসুল আলম বলেন, শুক্রবার সকালে বড়ইতলী এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৪২) দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই সামসুল আলম আরো বলেন, নিহতের ডান হাত, পেট ও দেহের ডান অংশ বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ক্ষতের চিহ্ন রয়েছে। তার পরনে শর্ট, প্যান্ট ও খয়েরী রংয়ের গেঞ্জি ছিল।
লাশের পাশ থেকে রশি ও স্কু-ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বলেন, সকালে সদরের রাজেন্দ্রপুর চৌরাস্তা-ডগরী সড়কে পদ্মপাড়া এলাকার গজারী সাদা পায়জামা পড়া রক্তাক্ত অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বুক এবং মাথার দুই স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে তাকে ফেলে গেছে দুর্বৃত্তরা।
লাশের পাশে একটি ব্যাগে রক্তমাখা পাঞ্জাবী, গেঞ্জি ও গামছা পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৫ ঘ.
bdnews24