২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় শিশুসহ ৩ খুন

গাইবান্ধায় বৃহস্পতি ও শুক্রবার পৃথক ঘটনায় শিশুসহ তিনজন খুন হয়েছে। এসব ঘটনায় আহত হয় ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

গাইবান্ধা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় বৃহস্পতি ও শুক্রবার পৃথক ঘটনায় শিশুসহ তিনজন খুন হয়েছে। এসব ঘটনায় আহত হয় ১০ জন। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে জাকিরুল প্রধান (৩০), করতোয়া গ্রামের রজ্জব আলীর মেয়ে ফেন্সি বেগম (৭) এবং সদরের ভাজিনা খামার গ্রামের প্রয়াত জমির উদ্দিনের ছেলে আব্দুল করিম মিয়া (৫৫)। এরমধ্যে সদর উপজেলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে পুলিশ ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হাওয়াখানা এলাকা থেকে জাকির হোসেনের জবাই করা লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে বগুড়া থেকে পলাশবাড়ী আসার পথে দুর্বৃত্তরা তাকে জবাই করে তার সিএনজি ছিনতাই করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পলাশবাড়ী থানার ওসি শেখ মো. গোলাম মোস্তফা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সকালে পলাশবাড়ীর করতোয়া গ্রামের মোসলেম উদ্দিন, মুকুল মিয়া, কান্টু শেখ ও তার লোকজনের সঙ্গে রজ্জব মিয়ার পরিবারের সদস্যদের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফেন্সি বেগম ঘটনাস্থলে নিহত এবং তিনজন আহত হয়। আহতরা হলেন শাহেনা বেগম (৩৫), রাজিয়া সুলতানা (২) ও শামীম মিয়া (৭) সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, সকালে জমির সীমানা নির্ধারণ নিয়ে ভাজিনা খামার গ্রামে নুরুল হুদা ও তার লোকজনের সঙ্গে এলাকার আব্দুল করিম মিয়ার পরিবারের সংঘর্ষ বাধে। এ সময় লাঠির আঘাতে আব্দুল করিম মিয়ার মৃত্যু হয় এবং সাতজন আহত হয়। আহতরা হলেন নুর আলম (৩৫), কলিম উদ্দিন (৫০), আব্দুর রাজ্জাক (৪৫), আবু বক্ক্র (৪০), আব্দুল জলিল (৪৬), আব্দুল হাদি (৫০) ও কুলছুম বেগম (৩৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৮ ঘ.