মুন্সীগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়ায় কভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এক বাউল শিল্পীসহ ৩ জন নিহত হয়েছেন। শ্রীনগরে গাড়িচাপায় মৃত্যু হয়েছে আরেক নারীর।
গজারিয়ার ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর পূর্ব ঢালে শুক্রবার ভোর ৫টার দিকে একটি কভার্ড ভ্যানের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে নরসিংদীর নারী বাউল শিল্পী ঝনু সরকার (২৫) ও তার দলের মো. শরীফ (২৬) ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান ওই দলের তবলচী ইদন মিয়া (৩০)।
চালকসহ প্রাইভেট কারের অপর তিন আরোহীও আহত হয়েছেন এ দুর্ঘটনায়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
ভবেরচর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন জানান, গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামে একটি গানের অনুষ্ঠান করে নরসিংদী ফিরছিলেন ঝনু সরকার ও তার দল। পথে তারা দুর্ঘটনায় পড়েন।
দুর্ঘটনার জন্য দায়ী কুমিল্লাগামী কভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।
এদিকে মুন্সীগঞ্জের কেসি সড়কের শ্রীনগর উপজেলার সাতগাঁও এলাকায় সকালে গাড়িচাপায় নিহত হন অজ্ঞাত পরিচয় এক নারী।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে ঠিক কী ধরনের গাড়ি তাকে চাপা দিয়েছে, তা জানাতে পারেননি ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০৩ ঘ.
bdnews24