চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন খাতের উন্নয়নে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এগিয়ে এলে সরকার সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান।
বৃহস্পতিবার বিকালে নগরীর পতেঙ্গায় বাটার ফ্লাই পার্কে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফারুক খান বলেন, সরকার শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যের পর পর্যটন খাতে ব্যয় করতে পারছে না। আগামীতে এ খাতে পর্যাপ্ত উন্নয়নে সরকার কাজ করবে। তবে পর্যটনের উন্নয়নে ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে এলে পর্যাপ্ত সহযোগিতা দেয়া হবে।
কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, এর ফলে গাছপালা লাগিয়ে পরিবেশেরও উন্নয়ন ঘটে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশেন অব ট্রাভেল এজেন্সিস বাংলাদেশের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম, আগ্রাবাদ হোটেলের চেয়ারম্যান হাকিম আলী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৪০ ঘ.
bdnews24