২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে নিষিদ্ধ করার দাবি

একাত্তরে যুদ্ধাপরাধ এবং বর্তমানে দেশে পুলিশের ওপর হামলার জন্য দায়ী জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধ এবং বর্তমানে দেশে পুলিশের ওপর হামলার জন্য দায়ী জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মুক্তিযুদ্ধের সংবিধান এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের অব্যাহত সন্ত্রাস শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। ৪০তম সংবিধান বার্ষিকী উপলক্ষে ধানম-ির ডব্লিউভিএ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, “জামায়াত ১৯৭১ সালে দল হিসাবে যুদ্ধাপরাধ করেছে। এখন তাদের মুখোশ উন্মোচিত হওয়ায় ভয় পেয়ে সারাদেশে নৈরাজ্য শুরু করেছে।” জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করে সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, “আইন মন্ত্রীর গাড়ি বহরে হামলা হয়েছে। জামায়াত আর কতো মন্ত্রীর বহরে হামলা করলে এ দলকে নিষিদ্ধ করা হবে?” নির্বাচন কমিশনার জামায়েতকে নিষিদ্ধ না করলে ঘাতক দালাল নির্মূল কমিটি রিট বা অন্য কিছু করবে বলেও জানান মুনতাসীর। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, জামায়াত যা করছে এটি তাদের পুরনো কাজ। বিএনপির নির্দেশে জামায়েত সারা দেশে এ হামলা চালিয়েছে।” ধর্মভিত্তিক রাজনীতি জনগণের ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, “সরকার ও জনগণের চিন্তা-চেতনা এক হলে, জামায়াত ও খালেদা জিয়ার অশুভ ইচ্ছা পূরণ হবে না।” প্রধান অথিতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, গত ৫/৬ দিনে দেশে কতগুলো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই হাজার চারশ’ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। যারা এদের পৃষ্ঠপোষকতা দেয় তারাও সমান দোষে দোষী বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। অুনষ্ঠানে অন্যদের মধ্যে ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার তুহিন আফরোজ ও সাংবাদিক কামাল লোহানী বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৩৫ ঘ.