চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটকের ঘটনায় মামলা করতে নিষেধ করেছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার সাব্বির আলী।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবর রহমানের আদালতে জবানবন্দিতে এ কথা জানান কর্ণফুলী থানার তৎকালীন ওসি আহাদুর রহমান।
তিনি বলেন, “তখন আমি পুলিশ কমিশনারকে বলি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে দেশ-বিদেশে জানাজানি হয়েছে। মিডিয়া জেনে গেছে। মামলা না করলে ভবিষ্যতে আমাদেরই অসুবিধা হবে। এরপরই কমিশনার আমার সাথে একমত পোষণ করে মামলা করার নির্দেশ দেন।”
পরে আহাদ অস্ত্র আটকের ঘটনায় ২০০৪ সালের ৩ এপ্রিল অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে কর্ণফুলী থানায় পৃথক দুইটি মামলা করেন।
ওই বছরের ২৪ এপ্রিল পর্যন্ত মামলার তদন্ত কাজ চলাকালে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা দুটি চট্টগ্রামের সিআইডিতে হস্তান্তর করেন বলেও আদালতকে জানান আহাদ।
আহাদুর রহমান ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের ঘটনার সময় কর্ণফুলী থানার ওসি ছিলেন। এ ঘটনায় করা মামলা দুটির বাদী ও প্রথম তদন্ত কর্মকর্তাও তিনি।
বর্তমানে অবসর জীবনযাপনে থাকা এ পুলিশ কর্মকর্তা অস্ত্র আটকের রাতের বর্ণনা দিয়ে বলেন, “সিইউএফএল জেটিঘাটে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন- আবুল হোসেন ও হাফিজুর রহমানকে আমার কাছে হাজির করে। তখন আবুল হোসেন ও হাফিজ জানায়, অস্ত্র ও গোলাবারুদ উলফার জন্য আনা হয়েছে। এ বিষয়ে সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষ জানে।”
অস্ত্র ও গোলাবারুদ ছেড়ে দিতে ওই দুই জন চাপ সৃষ্টি করেছিলেন বলেও তিনি জানান।
আহাদ জানান, এই ঘটনার সঙ্গে হাফিজুর রহমান, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিম, এনএসআই’র পরিচালক উইং কমাণ্ডার শাহাবুদ্দিন ও উপ-পরিচালক মেজর লিয়াকতসহ অন্যান্যরাও জড়িত।
ঘটনার রাতে বন্দর অঞ্চলের তৎকালীন পুলিশ উপ-কমিশনার (ডিসি, পোর্ট) ঘটনাস্থলে গিয়েছিলেন জানিয়ে সাক্ষ্যে আহাদুর রহমান বলেন, “আবুল হোসেন ও হাফিজকে ডিসি পোর্টের কাছে হাজির করতে বললে সার্জেন্ট আলাউদ্দিন জানায়- হাফিজ পালিয়ে গেছে। পরে জানতে পারি আবুল হোসেনই এনএসআইয়ের তৎকালীন উপ-পরিচালক মেজর লিয়াকত।”
তিনি আরো বলেন, দশ ট্রাক অস্ত্র আটকের রাতে ঘটনাস্থল থেকে উলফা সন্দেহে আটক পাঁচ জনকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে এবং পুলিশ কমিশনারের পরামর্শে ডিসি পোর্ট তাদের ছেড়ে দেয় বলে সার্জেন্ট আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদে জানতে পারি।
বেলা সোয়া ১টায় শুরু হয়ে পৌনে পাঁচটা পর্যন্ত সাক্ষ্য দেন আহাদ।
সাক্ষ্য শেষে এনএসআই’র সাবেক মহাপরিচালক আবদুর রহিমের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ তাকে আংশিক জেরা করেন। পরে বিচারক আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী তারিখ রাখেন।
এর আগে আহাদুর রহমান আলোচিত এ মামলায় দুইবার সাক্ষ্য দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএল/২১০৭ ঘ.
bdnews24