নরসিংদী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে বৃহস্পতিবার তিন কলেজ ছাত্রকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা।
দুপুরে নরসিংদী মডেল কলেজে এ হামলায় আহত শুভ (১৭), নিলয় সাহা (১৮) ও ইফতেখারকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার জন্য কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা আল আমিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মোস্তফা আল আমিন সাংবাদিকদের বলেন, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আকিব (১৭) দুই মাস আগে মোবাইল ফোন নিয়ে ক্লাসে ঢুকলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার মোবাইল ফোনটি তিনি (অধ্যক্ষ) নিজের কাছে জমা রাখেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আকিব কয়েকজন বহিরাগতকে নিয়ে অধ্যক্ষের কাছে মোবাইল ফোনটি ফেরত চায়। তিনি অভিভাবক ছাড়া ফোন দেবেন না বলে দেন।
এ সময় বহিরাগতরা অধ্যক্ষের সঙ্গে অশোভন উক্তি করলে সেখানে থাকা শুভ বিষয়টির প্রতিবাদ করে।
অধ্যক্ষ আরো জানান, এর জেরে দুপুরের দিকে আকিব ও বহিরাগতরা ক্যাম্পাসে এসে দ্বিতীয় বর্ষের ছাত্র শুভ, নিলয় সাহা ও ইফতেখারকে ছুরি মেরে পালিয়ে যায়।
মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ এবং তার নিরাপত্তার কথা ভেবে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪০ ঘ.
bdnews24