রংপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তবাটী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাবু মীর আলী (৪০) দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুরের তছলিম আলীর ছেলে। তিনি ভারতীয় ওষুধ বিক্রি করতেন বলে পরিবারের লোকজন জানিয়েছে।
পরিবারের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ওসি শামীম ইকবাল বলেন, বুধবার ওষুধ বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বাবু মীর। বৃহস্পতিবার নিশ্চিন্তবাটী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।
ওসি আরো জানান, এর আগে একই জায়গা থেকে দুর্বৃত্তরা তার কাছ থেকে ওষুধ কেড়ে নেয় বলে থানায় জানিয়েছিলেন। এ ব্যাপারে নিহতের ভাই হোসেন আলী বাদী হয়ে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৫৭ ঘ.
bdnews24