২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণ‘উদ্দেশ্য ছিল অর্থ, মূল হোতা আমীর’

ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যার মধ্যে দুজন অপহরণের সময় থাকার কথা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণের ‘মূল হোতা’ হিসেবে আমীর নামে কেরানীগঞ্জের এক ব্যক্তিকে সনাক্ত করে র‌্যাব বলেছে, ছেলেকে আটকে তার ব্যবসায়ী বাবার কাছ থেকে টাকা নেয়াই ছিল উদ্দেশ্য। স্কুলছাত্রটিকে উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যাদের দুজন গত ১১ নভেম্বর মোটর সাইকেল নিয়ে পরাগকে তুলে নেয়ার সময় আমীরের সঙ্গে ছিলেন। তারা হলেন- জাহিদুল হাসান (১৮) ও মো. আলী ওরফে রিফাত (১৯)। দুজনেরই বাড়ি কেরানীগঞ্জে। তাদের সঙ্গে বুধবার রাতে জুরাইনের একটি বাড়ি থেকে গ্রেপ্তার অন্যরা হলেন- কালা চান (৩৫), মো. আলফাজ (১৮), রিজভী আহমেদ অনিক (১৮) ও আবুল কাশেম (৩৩)। কালা চান (৩৫) ঘটনার সময় উপস্থিত ছিল না বলে র‌্যাব হেফাজতে সাংবাদিকদের কাছে দাবি করলেও র‌্যাব কর্মকর্তারা বলছেন, তিনিও ছিলেন ঘটনাস্থলে। গ্রেপ্তার বাকি তিনজন আলফাজ, অনিক ও কাশেম অপহরণকারীদের আশ্রয় দিয়েছিল বলে র‌্যাব জানিয়েছে। কাশেম হচ্ছেন আমীরের ভগ্নিপতি। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আমীর এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন বলে জানান কাশেম। কেরানীগঞ্জের বাসিন্দা কালা চানও বলেন, আমীর সন্ত্রাসী হিসেবে পরিচিত। কাশেম জানান, আমীরের বাবা আব্বাস মারা যাওয়ার পর তার মা হাসু বেগম সানাউল্লাহ নামে একজনকে বিয়ে করেন। এই ঘরেই তার স্ত্রী জেনেভা বেগমের জন্ম। “ছয় বছর আগে বিয়ে করার সময় শুনেছিলাম, আমীর কারাগারে রয়েছে। এরপর সে জামিন পেলেও আরো কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ তা জানা নেই।” পরাগদের এলাকার বাসিন্দা অটোরিকশা চালক কালা চান সাংবাদিকদের বলেন, তাকে ভয়-ভীতি ও প্রলোভন দেখিয়ে তার মাধ্যমে বিমলের সন্তানদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছিলেন আমীর। পরাগের বাবা বিমল তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক। সত্তরোর্ধ মা সাবিত্রী মণ্ডল এবং বড় ভাই নীলকমলের স্ত্রী-সন্তানদের নিয়ে শুভাঢ্যা পশ্চিমপাড়ায় থাকেন তিনি। গ্রেপ্তার ছয়জনকে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে এনে বাহিনীর মুখপাত্র এম সোহায়েল বলেন, অপহরণে জড়িত আমীরসহ তিনজন এখনো পলাতক। তাদের অচিরেই গ্রেপ্তার করে সাংবাদিকদের সামনে আনার আশা প্রকাশ করেছেন তিনি। মুক্তিপণের বিষয়ে আগের অবস্থানেই রয়েছে র‌্যাব। গ্রেপ্তার ছয়জন অবশ্য মুক্তিপণ নেয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। র‌্যাব বলে আসছে, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরাগকে ছাড়ানো হয়; যদিও পুলিশ কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি পরাগের বাবা বিমল মণ্ডলও মুক্তিপনর দেয়ার কথা অস্বীকার করে আসছে। র‌্যাবের মতো গোয়েন্দা পুলিশও আমীরকে অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে সনাক্ত করেছে। এই অপহরণে জড়িত অভিযোগে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মামুন নামে একজনকে বুধবার সকালে মুন্সীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুভাঢ্যায় বাড়ির সামনেই বিমলের স্ত্রী লিপি মণ্ডল, মেয়ে পিনাকি মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি চালিয়ে গত ১১ নভেম্বর সকালে পরাগকে তুলে নেয়া হয়। গাড়িচালক নজরুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, “পরাগ, পিনাকি ও ম্যাডাম (লিপি) প্রাইভেটকারে ওঠেন। ওই সময় দূরে মোটর সাইকেল রেখে এক যুবক আমার কাছে গাড়ির চাবি চায়। “চাবি দিতে না চাইলে তারা আমার বাম হাতে গুলি করে। এরপর ম্যাডাম ও পিনাকিকে গুলি করে পরাগকে নিয়ে মোটর সাইকেল করে চলে যায়।” প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অপহরণকারীরা দুটি মোটর সাইকেলে চারজন এসেছিলেন। বাবু নামে স্থানীয় এক দোকানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণকারীরা দুটি মোটর সাইকেলে চড়ে তার দোকানের সামনে দিয়ে চলে যায়। “পরাগ একটি মোটর সাইকেলে দুজনের মাঝে বসে ছিল। অন্য মোটর সাইকেলে বসে থাকা দুই যুবক দুই হাতে চারটি অস্ত্র উঁচিয়ে রেখেছিল।” র‌্যাবের বক্তব্য অনুযায়ী, আমীর, রিফাত ও জাহিদ ছিলেন মোটর সাইকেলে। এছাড়া আমীরের মোটর সাইকেল চালাচ্ছিলেন আল আমিন নামে এক ব্যক্তি, তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাও আমীরকে খুঁজছেন। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের একটি তালিকাও তৈরি করে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান তিনি। র‌্যাব যাদের গ্রেপ্তার করেছে, ওই তালিকায় তারা রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা এবং গ্রেপ্তারকৃতদের সঙ্গে কথা না বলে কিছু বলা যাবে না। পুলিশ যে মামুনকে গ্রেপ্তার করেছে, তিনিও আমীরের স্বজন বলে পুলিশ জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে হেফাজতে পেয়েছে পুলিশ। গ্রেপ্তাররা যা বলেছেন কেরানীগঞ্জের একটি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জাহিদ সাংবাদিকদের বলেন, অপহরণের দিন তিনি এবং রিফাত ঘটনাস্থলে ছিলেন। তবে তারা অপহরণে অংশ নেননি। নিজেকে পরিস্থিতির শিকার দাবি করে জাহিদ জানান, জমি কেনা-বেচার টাকা উদ্ধারের জন্য আমীর মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে তাকে যেতে বলেন। তার কথায় রিফাতকে নিয়ে সেখানে যান তিনি। “হঠাৎ দেখতে পেলাম, আমীর গুলি করে একটা বাচ্চাকে উঠিয়ে নিয়ে দ্রুত চলে যাচ্ছে। আমীর পেছনে বসা ছিল। মোটর সাইকেল চালাচ্ছিল আল আমিন। মোটর সাইকেলে বাচ্চাটাকে মাঝখানে বসিয়ে ওই এলাকা থেকে চলে যায় তারা।” জাহিদ বলেন, তারা মোটর সাইকেল নিয়ে কিছুদূর পর্যন্ত আমীরের সঙ্গে যান। বাচ্চাটিকে নিয়ে কেরানীগঞ্জের কোনা খোলার দিকে আমীরকে যেতে দেখেন তারা। পরে তারা আমীরের সঙ্গে না গিয়ে বাসায় ফিরে যান। জাহিদের দাবি, অপহরণের কিছু সময় আগে আমীর তার মোবাইল ফোনসেটি নিয়ে নেয় এবং অন্য একটি দেয়। নতুন মোবাইল ফোনটি দিয়ে আমীর তার সঙ্গে যোগাযোগ করতে বলে। জাহিদের সঙ্গে থাকা রিফাত সাংবাদিকদের বলেন, আমীরকে ব্যবসায়ী হিসাবে চিনতেন তিনি। তাকে পড়া-লেখার নিয়মিত খরচ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল তাকে। জাহিদ জানান, অপহরণের দিন তিনি তার বাড়িতেই ছিলেন। পরদিন কলেজেও যান। “কিন্তু এত বড় ঘটনার কারণে আতঙ্কিত থাকায় পরের রাত আমীরের ভগ্নিপতির (কাশেম) বাসায় আশ্রয় নেই। পরে জুরাইন চলে যাই।” জাহিদ ও রিফাত মোহাম্মদপুরের বসিলায় কাশেমের বাড়িতে সোমবার রাতে ছিলেন। মঙ্গলবার রাতে বসিলার অদূরে আঁটি বাজার থেকে পরাগকে উদ্ধার করা হয়। কাশেম দাবি করেছেন, অপহরণের ঘটনা তার জানা ছিল না। “জাহিদ আগেও কয়েকবার আমীরের সঙ্গে বাসায় এসেছে। সোমবার মধ্যরাতে জাহিদসহ তিনজন আমার বাসায় আসে। মঙ্গলবার সকালে নাস্তা খেয়ে আবার চলে যায়।” বুধবার রাতে জুরাইনের মেডিকেল রোডে অনিকদের বাড়ি থেকে ছয়জনকেই গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। অনিক বলেছেন, তার এলাকার এক বন্ধুর অনুরোধে তিনি তার বাসায় জাহিদদের থাকতে দিয়েছিলেন। গ্রেপ্তার কালা চান বলেন, “বিমলের সন্তানদের খোঁজ-খবর দেয়ার বিনিময়ে একটি সিএনজি অটোরিকশা কিনে দেবে বলে লোভ দেখিয়েছিল আমীর।” ‘মুক্তিপণেই মুক্তি’ পুলিশ না বললেও র‌্যাব বৃহস্পতিবারও বলেছে, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়েই পরাগকে ছাড়ানো হয়। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, টাকা লেনদেনের বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। “আমীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা হলেই টাকা লেনদেনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে,” বলেন র‌্যাব মুখপাত্র এম সোহায়েল। তবে মুক্তিপণের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যের বিষয়ে র‌্যাব কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। গ্রেপ্তার রিফাত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আমীরের বোনের বাসায় যে রাতে থেকেছিলেন, সেই রাতে আমীরের সঙ্গে তার কথা হয়েছিল। সে বলেছিল, ‘৫০ লাখ টাকা না পেলে শিশুটিকে ছাড়বে না’। পরাগকে উদ্ধারের পর ঢাকার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণকারীরা ছেড়ে দিলে তারা শিশুটিকে রাস্তার ধার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তখন র‌্যাবের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরাগকে ছাড়ানো হয়। পরাগকে জীবিত উদ্ধারের ওপর জোর দেয়ার কারণে মুক্তিপণের বিষয়টি প্রাধান্য পায়। র‌্যাবের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম এইচ নুরুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিপণ দিয়ে পরাগকে উদ্ধারের বিষয়টি পুরোপুরি মিথ্যা। এর বিন্দুমাত্র সত্যতা নেই।” র‌্যাব কর্মকর্তারা বলছেন, অপহৃত পরাগকে উদ্ধারের জন্য অর্থ লেনদেনের সময় র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে ছিল। র‌্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণের দিনই (রোববার বিকালে) ২ কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল পরাগের অপহরণকারীরা, এরপর এক কোটি টাকায় নামে, শেষে ৫০ লাখ টাকায় রফা হয়।” মুক্তিপণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্য পুলিশের মতোই- “এতে কোনো লেনদেন হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই।” মুক্তিপণ দেয়ার খবরটি ‘বস্তুনিষ্ঠ’ নয় বললেও মন্ত্রী বুধবার একইসঙ্গে বলেন, “আমাদের দায়িত্ব ছিল শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা। আমরা কৌশল অবলম্বন করে তা করতে পেরেছি। যে কোনো শর্তেই তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/২০৪১ ঘ.