২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল সভাপতি আলাল জামিনে মুক্ত

রাজধানীর নয়া পল্টনে গাড়ি পোড়ানোসহ চার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টনে গাড়ি পোড়ানোসহ চার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে আলালকে মুক্তি দেয়া হয়। এ সময় কারাগারের ফটকে আলালকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে তিনি লালমাটিয়ায় নিজের বাসায় ফেরেন। গত ৩ অক্টোবর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হন যুবদল সভাপতি। ওই দিনই তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন হেফাজতে নেয় পুলিশ। নেত্রকোনা শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ ও ১৮ দলের সভামঞ্চে আগুন দেয়ার প্রতিবাদে গত দুই অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুটি গাড়িতে আগুন দেয়া হয়। সংঘর্ষের ঘটনায় রাতেই বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। এর মধ্যে পল্টন থানায় দুটি এবং রমনা থানায় একটি মামলা হয়। এই তিন মামলাসহ মোট চারটি মামলায় আসামি ছিলেন আলাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমডি/জেকে/১৩৩৫ ঘ.