২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসমান হাসপাতাল ‘রংধনু’র যাত্রা শুরু

বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রংধনু’র যাত্রা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রংধনু’র যাত্রা শুরু হয়েছে। বুধবার চট্টগ্রামের মেরিন ওয়ার্কশপ ঘাটে এর উদ্বোধন করা হয়। দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত এবং ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে ভ্রাম্যমাণ এ হাসপাতাল। গ্রিনপিস ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী পারমাণু পরীক্ষার বিরুদ্ধে এবং অবাধে তিমি শিকার বন্ধে সচেতনতা সৃষ্টিতে ব্যবহৃত ‘রেইনবো ওয়ারিয়র-২’ জাহাজটি সংস্কার করে ফ্রেন্ডশিপের তৃতীয় ভাসমান হাসপাতাল ‘রংধনু’ করা হয়। চট্টগ্রামের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়ের্স্টান মেরিন রেইনবো ওয়ারিয়র-২ জাহাজটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরিত করে। ২০১১ সালের ১৬ অগাস্ট সিঙ্গাপুরে গ্রিনপিস ইন্টারন্যাশনাল এই জাহাজটিকে ভাসমান হাসপাতালে পরিণত করার জন্য বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপকে দান করে। ফ্রেন্ডশিপের প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেদারল্যান্ডসের এস কে ফাউন্ডেশন, কর্ডএইড, হংকং এর কাডুরী চ্যারিট্যাবল ফাউন্ডেশন ও লুক্সেমবার্গের ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল এ ভাসমান হাসপাতালে তৈরিতে আর্থিক সহায়তা দিয়েছে। তিনি আরো বলেন, বুধবার থেকে ‘রংধনু’ কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় কাজ শুরু করেছে। আগামী ২ ডিসেম্বর থেকে এটি পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে। প্রাথমিকভাবে চোখ, দাঁত, নারীদের জন্য স্বাস্থ্যসেবা, প্যাথলজিক্যাল সার্ভিস ও রোগী রাখার ব্যবস্থা থাকবে এই ভাসমান হাসপাতালে। এছাড়া, বছরের নির্দিষ্ট সময়ে ক্যাম্প আয়োজন করে চোখ, দাঁত ও মাড়ির অস্ত্রোপচারসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেবে রংধনু। এটি পরিচালনার দায়িত্বে থাকবেন দেশি-বিদেশি চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২২৪৫ ঘ.