কক্সবাজার, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে আটক ৫৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির কক্সবাজার-১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান ও টেকনাফ-৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুনধুম থেকে ১৩ জন, তমব্রু থেকে ২৮, উখিয়ার বালুখালী থেকে ৪, হোয়াইক্যং ও ঝিমংখালী থেকে ৮ রোহিঙ্গাকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করা হয়।
পরে খাদ্য ও চিকিৎসা সামগ্রী দিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০৪ ঘ.
bdnews24