২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে জুস কারখানা সিলগালা, মামলা দায়ের

অনুমোদন ছাড়া ফ্রুট জুস উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে নরসিংদী জেলা প্রশাসন একটি কারখানা সিলগালা করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

নরসিংদী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন ছাড়া ফ্রুট জুস উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে নরসিংদী জেলা প্রশাসন একটি কারখানা সিলগালা করে দিয়েছে। বুধবার শিবপুর উপজেলার প্রত্যন্ত খড়িয়া গ্রামে অস্টো-বাংলা ফ্রুট অ্যান্ড ফুড প্রসেসিং লি. নামের প্রতিষ্ঠানটির কারাখানায় এ অভিযানে ছিলেন জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম এবং পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন। শরীফ কঞ্জুমারের নামে এখানে উৎপাদিত বিপুল পরিমাণ জিনসিন প্লাস, দি হর্স ফিলিংস এক্সট্রা পাওয়ার সিরাপ, আর বি জিনসিং হিটপ্লাস শরবত, ফ্রুট প্লাস ম্যাংগো জুস, ডিজিটাল ললিপপ, মুন পাওয়ার আপ, লিভার ফিলিংস জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে কারখানার কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিল না। জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম সাংবাদিকদের বলেন, কারখানাটিতে উৎপাদিত পণ্য ভেজাল এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো উৎপাদনে গরু মোটা-তাজা করার ইনজেকশন এবং ঘুমের টেবলেট পর্যন্ত মেশানো হয়েছে। পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন বলেন, এ ব্যাপারে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা বেগমও উপস্থিত ছিলেন। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. সোহাগ শরীফ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন অস্টো-বাংলা ফ্রুট এণ্ড ফুড প্রসেসিং লি. বন্ধ থাকার পর গত ৬ মাস যাবত শরীফ কঞ্জুমার নামে কিছু পণ্য উৎপাদন করা হয় এখানে। “এসব পণ্য উৎপাদনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’র (বিএসটিআই) অনুমোদন নেই। তবে কাস্টমস, জনস্বাস্থ্য, খাদ্য ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.