২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ট্রেনে ‘ভাড়া তুলছে’ ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 04:13 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে চট্টগ্রাম শহরমুখী ট্রেনের একটি বগিতে ভাড়া আদায়ের ঘটনা ঘটে। “ভুক্তভোগী বেশ কয়েকজন ছাত্র টেলিফোনে আমার কাছে এ বিষয়ে অভিযোগ করেছে।” পাবনা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা সারওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বিকেল সাড়ে পাঁচটার ট্রেনে শহরে ফেরার সময় ওই বগিতে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ‘ভাড়া’ আদায় করে কয়েকজন ‘বড় ভাই’। “উনারা ছাত্রলীগের কর্মী হিসাবে পরিচয় দেন। আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া হিসাবে ১০ টাকা করে নেন।” এভাবে ওই বগিতে থাকা প্রায় অর্ধশত ভর্তিচ্ছুর কাছ থেকে টাকা আদায় করা হয় বলে পরীক্ষা দিতে আসা আরেক শিক্ষার্থী জানান। ভাড়ার নামে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালযের ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকার কথা নয়। তারপরও ছাত্রলীগের নাম ব্যাবহার করে কেউ যদি এ রকম ঘটনা ঘটিয়ে থাকে, তার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে প্রক্টর সিরাজ উদ দৌল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধরতে পারলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে ধরাটাই তো কঠিন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৮ ঘ.