২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস কাউন্টার ভাংচুরে ছাত্রলীগ

বন্দর নগরীর এ কে খান মোড়ে একটি বাস কাউন্টার ভাংচুর হয়েছে, যাতে ছাত্রলীগকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর এ কে খান মোড়ে একটি বাস কাউন্টার ভাংচুর হয়েছে, যাতে ছাত্রলীগকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ১৫/২০ যুবক ঈগল স্টার পরিবহনের কাউন্টারে ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হামলাকারীরা কাউন্টারের ব্যবস্থাপকসহ তিনজনকে মারধরের পাশাপাশি লুটপাটও চালায় বলে দাবি করেছে ওই প্রতিষ্ঠানের কর্মীরা। আহতরা হলেন- কাউন্টার ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন এবং দুই ডেস্ক ইনচার্জ শাহীন ও টিপু। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈগল পরিবহনের কাউন্টারে কর্তব্যরত শ্রমিক মো. রফিকুল ইসলাম সাংবাদিকেদের জানান, দুই দিন আগে তাদের কাউন্টারে আশরাফুদ্দিন ওরফে টিপু নামে স্থানীয় এক যুবক মোবাইল চার্জ দিতে আসে। “তখন ম্যানেজারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে টিপু আজ ১৫/২০জন যুবক নিয়ে এসে কাউন্টারে ভাংচুর করে টিকিট বিক্রির লাখ টাকা লুট করে নিয়ে যায়।” টিপুর নেতৃত্বে আসা এই যুবকরা ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী বলে রফিক দাবি করেন। এই বিষয়ে পাহাড়তলী থানায় ওসি সৈয়দ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈগল বাস কাউন্টারে স্থানীয় কিছু ছেলে ভাংচুর এবং কয়েকজনকে মেরে আহত করেছে।” কাউন্টার থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১৫৪ ঘ.