শেরপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মঙ্গলবার একটি পরিত্যক্ত পরিখার সন্ধান পেয়েছে পুলিশ।
তবে সেখান থেকে কিছু উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত গারো পাহাড়ের কাছে ছোট গজনী এলাকায় জঙ্গলের ভেতর অভিযান চালিয়ে একটি বাড়ির সন্ধান পায়।
ওই বাড়ির পাশে হলুদ ক্ষেতে মাটির নিচে বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি পরিখা।
এটির গভীরতা ১০ ফুট, দৈর্ঘ্য ২৪ ফুট এবং প্রস্থ ১৪ ফুট। মাটির ওপর থেকে তিনফুট নিচে লোহার ঢাকনা দিয়ে ঢাকা। পরিখায় প্রবেশের জন্য ১০ ফুট দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গ পথ রয়েছে। এছাড়া আলো বাতাস প্রবেশের জন্য চার ইঞ্চি ব্যাসার্ধের চারটি পাইপও বসানো আছে।
এসপি মো. আনিসুর রহমান আরো বলেন, সুরক্ষিত এই বাঙ্কারটি (পরিখা) দুস্কৃতকারীরা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করত বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে তৈরি করেছে তা তদন্তের পরই জানা যাবে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24