২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ হাজার কবরের স্থান হবে রায়েরবাজারে

রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন কবরস্থানের উন্নয়ন কাজ শুরু করতে যাচ্ছে সরকার। এই কাজ শেষ হলে কোটি মানুষের আবাস ঢাকায় কবরের স্থান সঙ্কট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন কবরস্থানের উন্নয়ন কাজ শুরু করতে যাচ্ছে সরকার। এই কাজ শেষ হলে কোটি মানুষের আবাস ঢাকায় কবরের স্থান সঙ্কট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, রায়ের বাজার বধ্যভূমি সংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্পের কাজ আগামী ১৪ ডিসেম্বর শেষ হবে। এই প্রকল্প পর্যালোচনা সংক্রান্ত এক সভার পর প্রতিমন্ত্রী একথা জানান। এই প্রকল্পটি সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। নানক বলেন, “দ্রুত নগরায়নের ফলে রাজধানীতে কবরস্থানের সঙ্কট দেখা দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকায় মরদেহ দাফনের সুযোগ বাড়বে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় ৯৬ দশমিক ২৩ একর জমির ওপর এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে হবে ৫০৫ কোটি ৬০ লাখ টাকা। এই কবরস্থানে ৮০ হাজার ৫০০টি কবরের সংস্থান থাকবে। প্রতিমন্ত্রী নানক বলেন, প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় কিছু ভূমি মালিক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য ৩৫০ কোটি টাকা ইতোমধ্যেই ঢাকার জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ঢাকাবাসীর চাহিদা অনুযায়ী ১৯৯৬ সালে শেখ হাসিনা রায়ের বাজার কবরস্থান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। বিগত চারদলীয় জোট সরকারের সময়ে প্রকল্পটি স্থগিত রাখা হয়। বর্তমান সরকার আবারো কবরস্থান প্রকল্পটি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪৫ ঘ.