রংপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের এক যুবদল নেতাকে কুপিয়ে খুন করেছে মুখোশধারী সন্ত্রাসীরা।
শহরের পাশারিপাড়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যুবদল নেতা রেজাউল করিম মিলনকে সন্ত্রাসীরা কুপানোর পর সোমবার রাত ১০টায় তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
ক্যাবল অপারেটর মিলন (৩৮) জেলা যুবদলের সহ তথ্য সম্পাদক ছিলেন। তিনি পাশারিপাড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে।
রাত ৯টায় মিলন পাশারিপাড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় ৮/১০ জন মুখোশধারী সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
হাসপাতালে নেয়ার পর রাত ১০টায় তিনি মারা যান বলে জানান কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন।
তিনি আরো বলে, ডিশ ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিলনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জলি সাংবাদিকদের জানান, ক্যাবল সংযোগ ব্যবসার দ্বন্দ্বের জেরে কয়েকদিন মিলনকে হুমকি দেওয়া হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০০২ ঘ.
bdnews24