২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক সমাবেশ

কক্সবাজারের রামু, উখিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 05:57 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

জবি, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, উখিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হয়েছে । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাস্কর্য চত্বরে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত মনন সমাজ সংস্কৃতি জবি সংসদ এই সমাবেশের আয়োজন করে। ফেইসবুকে এক বৌদ্ধ যুবকের কোরআন অবমাননার অভিযোগ এনে ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বিহার ও বসতবাড়িতে হামলা চালায় উগ্রবাদীরা। ওই সময় বেশ কয়েকটি বৌদ্ধ ও হিন্দু মন্দির পুড়িয়ে দেয়ার পাশাপাশি শতাধিক দোকান ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে এই সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম, নীলদলের আহবায়ক অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সেক্টর কমান্ডার ফোরাম ঢাকা বিভাগের আহবায়ক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি জুনায়েদ আহমেদ হালিম, প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি ড. সাইফুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. নীরু শামসুন্নাহার উপস্থিত ছিলেন। জবি উপাচার্য বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি করে যারা দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে ওই সব সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে উৎখাতের শপথ নিতে হবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের সব প্রগতিশীল ছাত্র সংগঠনকে মৌলবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সব প্রগতিশীল শক্তিকে একজোট হয়ে ‘জামাত-শিবির-রাজাকারমুক্ত’ দেশ গড়তে এগিয়ে আসতে হবে। অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বলেন, তরুণ সমাজকে একত্রিত করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে বুদ্ধিজীবীরা এগিয়ে আসলে সাম্প্রদায়িকতা কখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জবি ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন সমাবেশের প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন। এছাড়া জবি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, উদীচী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ইন্ডিজেনাস ছাত্র সংগঠন একাত্মতা প্রকাশ করে। এদিকে অনুষ্ঠান চলার সময় ক্যাম্পাসে শিবির সন্দেহে জবির অর্থনীতি বিভাগের ৩য় ব্যাচের ফরহাদ নামের এক শিক্ষার্থীকে এক বহিরাগতসহ আটক করে ছাত্রলীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪৬ ঘ.