ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘তদন্তের কৌশল’ হিসেবে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক এবং সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার প্রথমবারের মতো তাদের একসঙ্গে জিজ্ঞাসাবাদের পর দুদক কমিশনার এম শাহাবুদ্দিন এই কথা বলেন।
“তারা ইতোপূর্বে আমাদের তদন্ত কর্মকর্তাদের কাছে যে জবানবন্দি দিয়েছেন, তার সত্যতা যাচাইয়ের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এটা এক প্রকার অনুসন্ধান কৌশল।”
সোমবার দুপুরে দুদক কার্যালয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম, তার স্বামী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, মহাব্যবস্থাপক তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে।
শাহাবুদ্দিন বলেন, “হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সোনালী ব্যাংক থেকে সরাসরি টাকা সরানো। আরেকটি হল এলসির মাধ্যমে অন্য ব্যাংক থেকে টাকা সরানো।
“সোনালী ব্যাংক থেকে টাকা সরানোর তদন্তের অংশ হিসেবেই তাদের চারজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
২০১০ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে আড়াই হাজার কোটি টাকা সরানোর অভিযোগ উঠেছে হল-মার্কের বিরুদ্ধে।
এ ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলাও করেছে দুদক। হল-মার্ক এমডি তানভীর, জিএম তুষার ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুর ১১টি মামলারই আসামি। জেসমিন ইসলাম সাতটি মামলার আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এমআই/২৩১১ ঘ.
bdnews24