বেনাপোল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার আশঙ্কায় যশোরের শার্শা থেকে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশ্য তাদের মধ্যে চারজনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।
রোববার গভীর রাতে ও সোমবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তারা হলেন- টেংরা গ্রামের জামায়াত নেতা আব্দুল হাকিম, কাজিরবেড় গ্রামের মোজাম্মেল হক ও যাদবপুরের জামায়াত নেতা হাসান আহমেদের ছেলে শিবিরকর্মী আসাদুজ্জামান।
শার্শা থানার এসআই আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে শার্শা থেকে জামায়াত-শিবিরের এই তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে বেনাপোল বন্দর থানার এসআই রওশন আলি জানান, রোববার গভীর রাতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করার সময় গাতীপাড়া এলাকার বাদশা মিয়ার বাড়ি থেকে চার জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন, গাতীপাড়া গ্রামের শরীফুল ইসলাম (৩৪), নূর ইসলাম (৪৫), শহীদ আলী (৩৫), ও হাফিজুর রহমান।
তবে তাদেরকে বিএনপি কর্মী বলে দাবি করেছেন বন্দর থানা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৫৭ ঘ.
bdnews24