ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য কোটা প্রবর্তনের সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ার পর শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়ের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।
সচিব রোববার জানান, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য দুই শতাংশ কোটা চালু করতে নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে।
এই খবর গণমাধ্যমে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া হয়। দুটি মানবাধিকার সংগঠন সোমবার ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করে।
এরপরও চূড়ান্ত নীতিমালায় সংসদ সদস্যদের জন্য কোটা থাকছে কিনা- এমন প্রশ্নের জবাবে শিক্ষা সচিব সোমবার সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এ বিষয়ে আপনাদের (সাংবাদিক) ব্রিফ করবেন।”
তবে সোমবারই নীতিমালাটি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতেই বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে কোটা দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কতো শতাংশ কোটা দেয়া হবে তা রোববার পর্যন্ত চূড়ান্ত হয়নি।
সাংসদদের চাপের মুখে শিক্ষা মন্ত্রণালয় তাদের জন্য কোটা রাখছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় চাপের মুখে কোনো কাজ করে না। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সাবলিল করার জন্যই আমরা কাজ করব।”
ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের যাতে কোনো অনুবিধা না হয়- সে বিষয়ে ‘অবশ্যই’ খেয়াল রাখা হবে বলেও উল্লেখ করেন সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭০২ ঘ.
bdnews24