২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৮ শিবিরকর্মী গ্রেপ্তার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বরিশাল নগরীর দুটি ‘মেস’ থেকে ইসলামী ছাত্র শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

বরিশাল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বরিশাল নগরীর দুটি ‘মেস’ থেকে ইসলামী ছাত্র শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- শামীম মাতুব্বর (১৮), মেহেদী হাসান (১৮), সোহেল সরদার (১৮), আতিকুল্লাহ ফকির (১৮), মেহেদী হাসান মিয়া (১৭), মনির হোসেন বেপারী (১৭), আল আমিন খান (১৮) ও আইয়ুব আলী (১৮)। এরা সবাই নগরীর রূপাতলী এলাকার বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র বলে জানান কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। রোববার রাত ১২টার দিকে নগরীর রূপাতলী হাউজিং এলাকার দুটি বাসা থেকে তাদের আটক করা হয়। ওই বাসায় তারা মেস করে থাকতেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান জানান, গত ৬ নভেম্বর জামায়াতে ইসলামীর মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওই আট জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামী নেতাদের মুক্তির দাবিতে ৬ নভেম্বর মিছিল বের করে জামায়াত ও শিবির কর্মীরা। মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ছোড়া হলে শুরু হয় সংঘর্ষ। ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ১০০ জন জামায়াত-শিবির কর্মীকে আসামি করে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১১৩৫ ঘ.