ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও ও আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে হাতবোমা ও ‘সরকার বিরোধী’ লিফলেটসহ ইসলামী ছাত্রশিবিরের ২৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর শেরে বাংলানগর থানা এবং গোয়েন্দা পুলিশ রোববার রাতে এই অভিযান চালায়।
মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেজগাঁও এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় শিবির কর্মীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি হাতবোমা ও বেশ কিছু ‘সরকার বিরোধী’ লিফলেট উদ্ধার করা হয়।
এরা হলেন- গোলাম সারোয়ার (২৩), জাহিদুল ইসলাম (২৩), আব্দুল আলিম (২২), সায়েদ কুতুব (২৩), মহিউদ্দিন (২৩), রবিউল হোসেন (২৭), আকতার হোসেন (২১), বোরহান উদ্দিন (২৩) ও তানভীর আহমেদ (২১)।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই নয় জন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এদিকে শেরে বাংলা নগর থানা পুলিশ আগারগাঁওয়ে সংসদ ভবনের কর্মচারী কোয়ার্টারে অভিযান চালিয়ে ১৪ শিবির কর্মীকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুল মমীন জানান, এরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সংসদ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমিনুল ইসলাম, সহকারী সচিব আবুল কালাম আজাদ এবং যুগ্ন সচিবের ব্যাক্তিগত কর্মকর্তা আনোয়ার হোসেনের নামে বরাদ্দ করা কোয়ার্টারের পাশে বানানো টিনশেড ঘরে তারা ভাড়া থাকতেন।
ওই কর্মকর্তারা পুলিশকে বলেছেন, ছাত্র পরিচয় দিয়েই ওই শিবির কর্মীরা ঘর ভাড়া নিয়েছিল।
এই ১৪ জন হলেন- তৌহিদুজ্জামান রাকিব (২০), মাহফুজুর রহমান (২৩), ফকরুল ইসলাম (২০), জাহাঙ্গীর আলম (২৩), জুবায়ের আহমেদ শামীম (২০), এমরান হোসেন মামুন (২৪), ফেরদৌস হাবিব (২২), খালেক সাইফুল্লাহ (২০), মোস্তাকুর রহমান সোহাগ (২২), আবু বকর সিদ্দিক জুয়েল (২১), জাহাঙ্গীর আলম (২২), সাইফুল ইসলাম মাহতাব (২৩), আতিকুর রহমান খোকন (২৩) ও মাকসুদুল হক মামুন (২৫)।
ওসি বলেন, অভিযানে শিবিরের লিফলেট, ব্যানার, বিভিন্ন ধরনের ইসলামি বই, শিবিরের সদস্য সংগ্রহ এবং চাঁদার রশিদ উদ্ধার করা হয়েছে। আটক ১৪ জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পুলিশের ওপর জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সারা দেশে কয়েকশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২০৫ ঘ.
bdnews24