২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবহানের মামলার তদন্তের সময় বাড়ল

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের জন্য আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের জন্য আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সময় বাড়িয়ে ওই দিনের মধ্যে আবদুস সুবহানের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন। প্রসিকিউটর জেয়াদ আল-মালুম ট্রাইব্যুনালকে জানান, এ অভিযোগের তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তা কিছুটা সফলতা পেয়েছে। তিনি বলেন, পাবনাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বেশ কয়েকটি গণকবর ও বধ্যভূমি পাওয়া গেছে, যার সঙ্গে সাবেক সাংসদ ও প্রাদেশিক পরিষদের সদস্য সুবহানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত যথাযথভাবে শেষ করতে আরো সময় দেয়ার জন্য প্রসিকিউটর আবেদন জানালে ট্রাইব্যুনাল সময় বাড়ায়। গত ২০ সেপ্টেম্বর ১০ বছর আগের একটি ভাঙচুরের মামলায় সুবহানকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তারের পর ৩০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২ অক্টোবর সুবহানের জামিনের আবেদন খারিজ করা হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সময় বাড়ানোর বিরোধিতা করেন। এর আগে সকালে সুবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দিনের পরের সময়টুকুতে ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামির মজলিসে শুরা সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষীদের বিরুদ্ধে যুক্তি-তর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। সাঈদীর পক্ষে আসামি পক্ষের উপস্থাপিত সাক্ষীদের স্ববিরোধী বিবৃতির প্রতি ইঙ্গিত করে প্রসিকিউটর বলেন, আসামি পক্ষের সাক্ষীরা একে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে এবং মাঝে মাঝে স্ববিরোধী বক্তব্যও দিয়েছে। এক পর্যায়ে প্রসিকিউটরের কাছে তার যুক্তি-তর্ক কখন শেষ হবে জানতে চেয়ে নিজামুল হক তাকে স্মরণ করিয়ে দেন, এর মধ্যেই তিনি কয়েকটি সেশন পার করেছেন। জবাবে যত দ্রুত সম্ভব তার যুক্তি-তর্ক শেষ করার চেষ্টা করবেন বলে জানান প্রসিকিউটর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/২০৫০ ঘ.