ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বৈমানিককে চাকরিচ্যুত করার ঘটনায় বিমানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)।
রোববার বাপা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের দুই বৈমানিককে সম্পূর্ণ অন্যায় ও আইন বর্হিভূতভাবে, অসত্য তথ্যের ভিত্তিতে এবং কোন প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
বাপা সভাপতি ক্যাপ্টেন হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশা করছি পরিচালনা পর্ষদ আমাদের দুই সহকর্মীর বিষয়টি পুনঃবিবেচনা করবে। এখন হজযাত্রীদের কথা বিবেচনা করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আমরা নিচ্ছি না। তবে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত থাকবে।”
গত বৃহস্পতিবার বিমান পরিচালনা পর্ষদের সভায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বৈমানিক ক্যাপ্টেন সারোয়ার ও ক্যাপ্টেন আব্দুল¬াহকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আদেশ আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২০৩১ ঘ.
bdnews24