২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৪টি ওয়াটার বাস নামছে

ঢাকার দুই নদীতে চালু হওয়ার পর বিকল হয়ে পড়া দুটি ওয়াটার বাস মেরামতের পাশাপাশি নতুন আরো চারটি যোগ করার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই নদীতে চালু হওয়ার পর বিকল হয়ে পড়া দুটি ওয়াটার বাস মেরামতের পাশাপাশি নতুন আরো চারটি যোগ করার সিদ্ধান্ত হয়েছে। দুই বছর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ১ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে দুটি ওয়াটার বাস পানিতে ভাসিয়েছিল। ওই দুটি কিছু দিনের মধ্যে অচল হয়ে পড়ে। রোববার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় নতুন চারটি ওয়াটার বাসের সিদ্ধান্ত হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, শিগগিরই বিআইডব্লিউটিসির নৌবহরে আরো চারটি ওয়াটার বাস যুক্ত হবে, যেগুলো ঢাকা মহানগর কেন্দ্রীয় নৌপথে চলাচল করবে। ২০১০ সালের ২৮ অগাস্ট ‘এমএল বুড়িগঙ্গা’ এবং ‘এমএল তুরাগ’ নামে ৩৫ আসনের দুটি ওয়াটার বাস গাবতলী-সদরঘাট নৌরুটে চলাচল শুরু করে। কিন্তু মাত্র তিন মাসেই এ দুটি অকেজো হয়ে দীর্ঘদিন সদরঘাটে পড়ে ছিল। বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওয়াটার বাস দুটিকে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির কারখানায় মেরামতের চেষ্টা চলছে। তিনি জানান, পাঁচ কোটি টাকা ব্যয়ে ঢাকা ডক ইয়ার্ডে আরো চারটি ওয়াটার বাস তৈরি করছে বিআইডব্লিউটিসি। আগামী ডিসেম্বরে এগুলো বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তর করা হবে। সভায় শাজাহান খান বলেন, “এ বছরের ডিসেম্বরের মধ্যে বিআইডব্লিউটিএ’র বহরে নতুন দুটি উদ্ধারকারী জাহাজ যুক্ত হবে। প্রায় ৩৫৭ কোটি টাকা ব্যয়ে কোরীয় প্রতিষ্ঠান দাইয়ু ইন্টারন্যাশনালের তৈরি উদ্ধার জাহাজ দুটির প্রতিটি সর্বোচ্চ ৫০০ মেট্রিক টন ওজন উত্তোলন করতে পারবে।” তিনি জানান, আগামী মার্চ মাসের মধ্যে কেরানীগঞ্জের পানগাঁওয়ে নবনির্মিত ‘পানগাঁও অভ্যন্তরীণ পোর্ট’-এর কার্যক্রম শুরু হবে। এটিকে সচল করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) সহযোগিতায় একটি ‘মাদার ট্যাংকার’ সংগ্রহ করা হবে। সভায় ২০১২-১৩ অর্থবছরে মন্ত্রণালয়ের সংস্থাগুলোর ৩৩টি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস), কর্ণফুলি নদী খনন, নবনির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পেছনে ৪০০ মিটার ব্যাক আপ ফ্যাসিলিটিজ নির্মাণ, মংলা বন্দরের পশুর চ্যানেলের আউটার বার ও হারবার এলাকায় ড্রেজিং এবং ভোমরা ও নাকুগাঁও স্থলবন্দর উন্নয়নসহ মেরিন একাডেমির ক্ষমতা বাড়ানো বিষয়ে আলোচনা করা হয়। ডিসেম্বর মাসের মধ্যে বিভিন্ন প্রকল্পের ক্রয় বা সংগ্রহ কাজের যাবতীয় কার্যাদেশ সম্পন্ন করতে প্রকল্প পরিচালকদের নির্দেশ দেয়া হয় সভায়। শাজাহান খানের সভাপতিত্বে সভায় এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/এমআই/১৯৪৫ ঘ.