২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কর ফাঁকির বিচার শুরু

আয়কর ফাঁকির অভিযোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মুদ্রা পাচারের মামলায় দণ্ডিত কোকোর বিরুদ্ধে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন দুই আয়কর কর্মকর্তা। তারা হলেন- মামলার বাদি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার শাহীন আক্তার হাসেন ও যুগ্ম কর কমিশনার সামিহা আক্তার। তাদের সাক্ষ্য নেয়ার পর আগামী ২২ নভেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেন বিচারক। আসামি পক্ষ সময়ের আবেদন করলেও তা নাকচ করেই সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক। ২০১০ সালের ১ মার্চ করা এই মামলায় গত ২৭ সেপ্টেম্বর বিদেশে অবস্থানরত কোকোকে অভিযুক্ত করে এই মামলায় তার বিচার শুরুর আদেশ দেয় আদালত। এই মামলায় কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর পুলিশ জানায়, কোকো পলাতক। আয়কর নথিতে ব্যয় ও বিনিয়োগ বাবদ ৫২ লাখ ৩৯ হাজার ২২৬ টাকার তথ্য গোপন এবং এই টাকার ওপর প্রযোজ্য আয়কর ফাঁকির দেয়ার অভিযোগ কোকোর বিরুদ্ধে। অর্থ পাচারের একটি মামলায় গত বছরের ২৩ জুন কোকোকে ৬ বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯১১ ঘ.