২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তুরস্ককে আহ্বান

বাংলাদেশ থেকে আমদানি বাড়াতেও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে ও বিনিয়োগ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার ঢাকার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে এ আহ্বান জানান অর্থমন্ত্রী। দু’দিনব্যাপী এ সম্মেলনে তুরস্কের প্রতিনিধি দলের নেতা শ্রম ও সামাজিক নিরাপত্তামন্ত্রী ফারুক সেলিককে মুহিত বলেন, বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তুরস্কের মন্ত্রী বলেন, তুরস্কে আরো পণ্য পাঠাতে চাইলে বাংলাদেশকে রপ্তানি পণ্য বহুমুখীকরণ করতে হবে। বাংলাদেশের রপ্তানি আয় প্রধানত তৈরি পোশাকের ওপর নির্ভরশীল উল্লেখ করে মুহিত বলেন, সরকার রপ্তানি বহুমুখীকরণ করছে। এ ক্ষেত্রে ওষুধ খাতে অনেক সম্ভবনা আছে বলে তিনি মনে করেন। তুরস্ক বিভিন্ন দেশ থেকে ওষুধ আমদানি করে। কিছু বাংলাদেশি কোম্পানি সে দেশে রপ্তানির জন্য তুরস্কের কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ করতেও তুরস্কের প্রতি আহ্বান জানান মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১২২৯ ঘ.