ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কৌশল ঠিক করতে বিএনপির নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ আন্দোলনের কর্মকৌশল নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে।”
তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকের পরদিন ১৪ নভেম্বর রাত ৮টায় ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসবেন খালেদা জিয়া।
সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ পল্লী পরিদর্শনে বিরোধী দলীয় নেতা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।
এদিকে আগামী ২২ নভেম্বর ঢাকার জনসভা সফল করতে বুধবার বৃহত্তর ঢাকা জেলার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানান রিজভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১০২২ ঘ.
bdnews24