ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর দশ নম্বর গোল চত্বর এলাকায় জামায়াত-শিবির কর্মীরা কমপক্ষে ১৫টি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় তাদের হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার বিকালের এই ঘটনার পর বেশ কিছু সময় রোকেয়া সরণিতে গাড়ি চলাচল বন্ধ ছিল।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াত-শিবির কর্মীরা দশ নম্বর গোলচত্বর এলাকায় পূর্ব ঘোষণা ছাড়াই বিকালে মিছিল বের করে। এ সময় চারটি পুলিশের গাড়িসহ কমপক্ষে ১৫টি গাড়ি ভাঙচুর করে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দিলে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এই ঘটনায় শহীদুল ইসলাম নামে এক উপপরিদর্শক, কনস্টেবল আসাদুজ্জামানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে কাফরুল ও মিরপুর থানা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আতাউর।
এ ঘটনায় উভয় থানায় দুটি মামলা হবে বলেও তিনি জানান।
প্রায় একই সময় মহাখালী এলাকায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। তবে সেখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোযেীন্টফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/১৭৫৭ ঘ.
bdnews24