২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন কেন্দ্রগুলো ধূমপানমুক্ত হবে: মন্ত্রী

বাংলাদেশের পর্যটন স্থাপনাগুলো আগামী এক মাসের মধ্যে ধূমপানমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পর্যটন স্থাপনাগুলো আগামী এক মাসের মধ্যে ধূমপানমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী ফারুক খান। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডব্লিউবিবি ট্রাস্ট ও বাংলাদেশ ইকো ট্যুরিজম সোসাইটি আয়োজিত এক গোল টেবিল আলোচনায় তিনি বলেন, “এক মাসের মধ্যে পর্যটন স্থাপনাগুলোতে এ বিষয়ে সাইনবোর্ড লাগিয়ে দেয়া হবে।” বাংলাদেশের অধিকাংশ পর্যটন কেন্দ্র এখনও গেজেটভুক্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, প্রতি জেলায় ১০টি করে পর্যটন কেন্দ্র তালিকাভুক্তির কাজ চলছে। প্রাথমিকভাবে এসব স্থানকেই ধূমপানমুক্ত ঘোষণা করা হবে। “তবে বিষয়টি সহজ করতে ওইসব স্থানে ধূমপায়ী পর্যটকদের জন্য একটি বিশেষ জায়গার ব্যবস্থা করা হবে, ” বলেন তিনি। দেশে প্রচলিত ধূমপান বিষয়ক আইনের প্রয়োগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও অনুষ্ঠানে জানান পর্যটনমন্ত্রী। ফারুক খান বলেন, সরকার পর্যটন এলাকাগুলোকে পরিবেশবান্ধব করতে চায়। এ কারণে বিদেশ থেকে আসা পর্যটকদের সহযোগিতাও প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমডি/জেকে/১৪৩৫ ঘ.