ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার জনসভার সময়সূচি আবার পরিবর্তন হলো।
এই জনসভা ১৮ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার দলের সহসভাপতি ও জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান সময়সূচি পরিবর্তনের এ তথ্য জানান।
নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে স্থানীয় বেল পার্ক ময়দানে ১৮ দলীয় জোটের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে।
এ নিয়ে বরিশালের জনসভার তারিখ তিনবার পরিবর্তন হলো।
নোমান আরো জানান, এ জনসভায় যোগ দিতে খালেদা জিয়া ১৮ নভেম্বর সড়ক পথে বরিশাল যাবেন। রাতে সার্কিট হাউজে অবস্থানের পর ১৯ নভেম্বর বেলা ২টায় জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫৬ ঘ.
bdnews24