২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাকাতির সময় গৃহকর্তার মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক বাড়িতে ডাকাতির সময় গৃহকর্তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

গাজীপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক বাড়িতে ডাকাতির সময় গৃহকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে ভাংনাহাটি গ্রামে এ ঘটনায় মৃত ব্যক্তির নাম কামাল হোসেন আকন্দ (৪০)। এছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ তিনজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ওসি আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি চলাকালে কয়েকটি হতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে এতে হৃদরোগে আক্রান্ত হয়ে কামালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের চাচা আব্দুস সোবাহান মাস্টার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আব্দুস সোবাহান মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে ১৫/২০ জন ডাকাত কামালের বাড়ি ঢোকে। তারা ঘরের লোকজনের হাত-পা বেঁধে কামালের কাছে আলমারির চাবি চায়। চাবি না দিলে তার মাথায় লাঠির আঘাত করে ডাকাতরা। এছাড়া তারা কুপিয়ে কামালের চাচা আবু বকর সিদ্দিক আকন্দ (৫৮), মা জাহানারা বেগম (৫৪) এবং ভাতিজা সোহেল রানা আকন্দকে (২৭) আহত করে। এদিকে কামালের স্ত্রী ও সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা এসে ডাকাতদের ঘিরে ফেললে তারা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পলিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০২১ ঘ.