ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজরীন আগামী এক বছর ব্র্যাকের শুভেচ্ছা দূত হয়ে কাজ করবেন।
বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এর চেয়ারপারসন ফজলে হাসান আবেদ এই ঘোষণা দেন বলে বেসরকারি সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ওয়াসফিয়ার হাতে জাতীয় পতাকা তুলে দেন ব্র্যাক চেয়ারম্যান।
‘বাংলাদেশ অন সেভেন সামিট ক্যাম্পেইন’ শীর্ষক অভিযাত্রায় ওয়াসফিয়া ইতোমধ্যে এভারেস্টসহ তিনটি মহাদেশের শীর্ষ পর্বতচূড়া জয় করেছেন।
এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া এই মাসে অ্যান্টার্কটিকা অভিযানের জন্য ঢাকা ছাড়বেন। অ্যান্টার্কটিকার উচ্চতম পর্বতশৃঙ্গ ‘ভিনসন ম্যাসিফ’-এ আরোহণই তার এবারের লক্ষ্য।
ওয়াসফিয়ার এই অভিযানে সহযোগিতা করছে ব্র্যাক, বি-ক্যাশ এবং ব্র্যাক ব্যাংক।
অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ বলেন, ওয়াসফিয়ার অর্জন বাংলাদেশের সেরা অর্জনের একটি। বাংলাদেশি নারী হিসেবে তিনি যে ইতিহাস নির্মাণ করতে যাচ্ছে ব্র্যাক তাতে এগিয়ে এসেছে।
অনুষ্ঠানে ‘নিজেরা করি’ এর সমন্বয়ক খুশি কবির ও জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/১০৪৪ ঘ.
bdnews24