নারায়ণগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই মাসের মধ্যে সারাদেশে সড়ক ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা এবং শ্যালো ইঞ্জিনচালিত নসিমন-করিমন চলাচল বন্ধে পরিবহন মালিক-শ্রমিকদের দাবির মধ্যে বৃহস্পতিবার তিনি এই নির্দেশ দিলেন।
সকালে আকস্মিক পরিদর্শনে নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের।
তিনি সেখানে সাংবাদিকদের বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক শত শত ইজিবাইক চলছে। এসব দেখে মনে হচ্ছে, এখানে ইজি বাইকের কারখানা আছে।”
নারায়ণগঞ্জ প্রশাসনকে এই বিষয়ে সজাগ হওয়ার পাশাপাশি সারাদেশে অবৈধ সব যান চলাচল বন্ধের নির্দেশ দেন মন্ত্রী।
বার বার সড়ক উপদেষ্টা কমিটি, সড়ক নিরাপত্তা কমিটিতে নসিমন, করিমন ও ভটভটি না চলতে দেয়ার সিদ্ধান্ত হলেও তা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিআরটিএ’র কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে কাদের বলেন, “বিআরটিএ অপকর্ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
“রাতারাতি দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। তবে গত ১১ মাসে ঘন ঘন সারপ্রাইজ ভিজিট ও শাস্তির দেয়ার কারণে বিআরটিএর দুর্নীতি ও অনিয়ম ৫০ শতাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।”
সড়কের দু’পাশে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “সড়ক ও জনপথের কেউ অবৈধভাবে জমি লিজ দিলে ব্যবস্থা নেয়া হবে।
বিআরটিএ কার্যালয়ে আসার আগে মন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার এলাকায় নামেন।
সেখানে তিনি বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেন দেখেন। সেখান থেকে সরাসরি বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল অফিসে আসেন।
‘তুমি এখানে কেন?’
মন্ত্রী ইকুরিয়া থেকে সদ্য বদলি হয়ে আসা মোটর যান পরিদর্শক আবুল বাশারকে দেখে প্রশ্ন করেন, “তুমি এখানে কেন? আবার এখানেও দুর্নীতি শুরু করেছ?”
পরে তিনি বিআরটিএ’র চেয়ারম্যানকে ফোন করে আবুল বাশারকে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী বাশারকে অন্য স্থানে বদলির নির্দেশও দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24