আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাজীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই গাজীপুরের একটি কারখানায় চলছে রাসায়নিক তৈরি। আর এই রাসায়নিকের উৎকট গন্ধে রীতিমত অতিষ্ঠ স্থানীয়রা।
সদর উপজেলার বসুরা গ্রামে ‘মেগা কেমিক্যালস’ নামে ওই কারখানায় সালফিউরিক এসিড দিয়ে লেদ মেশিনে কাটা লোহার বর্জ্য পুড়িয়ে তৈরি করা হয় ফেরাস সালফেট।
স্থানীয়রা বলছেন, কারখানার গ্যাসীয় ও তরল-বর্জ্যরে দূষণে আশপাশের জমির শস্যের ফলন কমে গেছে। মরে যাচ্ছে বিভিন্ন গাছ ও পুকুরের মাছ। এর সঙ্গে রয়েছে লোহার বর্জ্য পোড়ানোর উৎকট ও ঝাঁঝালো গন্ধ।
বারবার পরিবেশ অধিদপ্তরের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান স্থানীয়রা।
সম্প্রতি এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দা কানিজ ফাতেমা ও তাহমিনা রওশন নামে দুই জন পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করেন।
আবেদনকারী কানিজ ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বসুরা গ্রামে আবাসিক এলাকায় সাইনবোর্ডবিহীন ওই কারখানায় প্রতিদিন সকালে সালফিউরিক এসিড দিয়ে লোহা গালানোর সময় তীব্র গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়। এতে মানুষ ও ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে। আশপাশের ফলজ ও বনজ গাছের পাতা মরে যাচ্ছে। কৃষকরা জানিয়েছেন তাদের ফলনও কমে গেছে আশঙ্কাজনক হারে।
কারখানার পাশের এলাকার বাসিন্দা গৃহবধূ শেফালী বেগম বলেন, “সকালে কারখানাটি চালু করলেই উৎকট গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকে, যা খুবই অস্বস্তিকর।”
শেফালীর মতই সুলতান উদ্দিনসহ স্থানীয় অনেকেরই একই অভিযোগ। কারখানার দূষণের কারণে অসন্তোষ প্রকাশ করেন কারখানার জমির মালিকও।
জমির মালিক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চাচা আব্দুল মোতালেব ও সামশুল হক তার কাছ থেকে মাসিক ৬ হাজার টাকায় ১২ কাঠা জমি ভাড়া নিয়ে সেখানে ওই কারখানা গড়ে তুলেছেন।
কিন্তু কারখানার দূষণে এলাকাবাসীর মত নিজেই এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তিনি।
“নিজের বাসার পাশে একাধিক গাছও মরে গেছে। ফল গাছে ফলন কমে গেছে। এমনকি কোনো কোনো গাছে ফলই ধরছে না।”
এবারের চুক্তির মেয়াদ শেষ হলে কারখানা চালানোর জন্য আর জমি ভাড়া দেবেন না বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন জমির মালিক।
কারখানার কারণে পরিবেশ দূষণের কথা স্বীকার করলেও কারখানা বন্ধের কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন মালিক আব্দুল মোতালেব।
তিনি বলেন, ২০০৪ সালের দিকে বতর্মান কারখানার পূর্বপাশে মামা আব্দুল লতিফের জমি ভাড়া নিয়ে সালফিউরিক এসিড দিয়ে তুতে তৈরির কারখানা ‘নোভেল কেমিক্যালস’ গড়ে তোলেন তিনি। কারখানার বর্জ্যে পাশের ফসল ও পুকুরের মাছ মরে যাওয়ায় তুতে বানানোর কাজ বন্ধ করে দেয়া হয়েছিল।
এজন্য তাকে ক্ষতিপূরণও দিতে হয়েছে বলে দাবি করেন মোতালেব।
পরে ২০০৭ সালের দিকে ওই জমি থেকে কারখানা সরিয়ে নিজেদের জমিতে ‘মেগা কেমিক্যালস’ নামের এই ফেরাস সালফেট তৈরির কারখানা স্থাপন করা হয়।
তিনি দাবি করেন, ফেরাস সালফেট তৈরির সময় কিছু ধোয়া সৃষ্টি হলেও কোনো বর্জ্য তৈরি হয় না। তবে ওই ধোয়ায় কারখানার টিনের চাল ছিদ্র হয়ে যাওয়ার কথা স্বীকার করেন মোতালেব।
কারখানার জন্য পরিবেশ ছাড়পত্র নেয়া হয়েছে কি না জানতে চাইলে আব্দুল মোতালেব বলেন, “এ জাতীয় কারখানার জন্য পরিবেশ ছাড়পত্রের প্রয়োজন হয় না।”
তবে ভিন্নমত পাওয়া গেছে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নূর আলমের কাছ থেকে।
তিনি বলেন, এ সব কারখানার জন্য অবশ্যই ছাড়পত্র প্রয়োজন হয়। শিগগিরই ওই কারখানায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/এমআই/০৯৫৫ ঘ.
bdnews24