চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চবি কর্তৃপক্ষ।
বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন- ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র আবু তৈয়ব সুমন, চারুকলা বিভাগের (ভাস্কর্য) চতুর্থ বর্ষের অতীশ বড়ুয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের লুৎফর রহমান ও ইতিহাস বিভাগ ৩য় বর্ষের সাইফুল ইসলাম ও ইমন।
বুধবার চবি’র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সিরাজ উদ দৌলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৬ অক্টেবর নগরীর নাসিরাবাদ এলাকায় চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আবু তৈয়ব সুমনকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়।
পদার্থবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় লুৎফর রহমানকে এবং ষোল শহর রেল স্টেশনে সংঘর্ষের ঘটনায় ইমন ও সাইফুল ইসলামকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়।
এদিকে, গত ২ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটে এক ছাত্রকে ছুরিকাঘাত করায় অতীশ বড়–য়াকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/এইচএ/১৯৫১ ঘ.
bdnews24