হবিগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার উচাইল গ্রামের রুহুল আমিনের স্ত্রী শেফালি আক্তার (৩০) ও তার ছেলে শাহজাহান মাহমুদ জিসান (৪)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি ট্রাক মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩২ ঘ.
bdnews24