নোয়াখালী, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে পুলিশের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নয়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার রাতে সুধারাম থানায় দুটি ও সেনবাগ থানায় একটি মামলা করা হয়।
সুধারাম থানার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত চরজব্বরের ওসি মোশাররফ হোসেন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি ও দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেছেন সুধারাম থানার এসআই হাবিবুর রহমান।
মামলা দুইটিতে জামায়াত-শিবিরের ৬৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ছয়শজনকে আসামি করা হয়েছে।
এদিকে সেনবাগ থানার ওসি সাজেদুর রহমান জানান, পুলিশের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে এস আই ইয়াসিন মিয়া বাদী হয়ে সেনবাগ থানায় আরেকটি মামলা করেছেন। মামলায় একশ’ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো তিনশ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলাবার দুপুর থেকে রাত পর্যন্ত নোয়াখালী জেলা সদর ও সেনবাগ উপজেলার সেবারহাটে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে সুধারাম থানার ওসিসহ পুলিশের ১৩ জন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় সেনবাগ থানার এক কনস্টেবলসহ আরো দুইজনকে এবং সুধারাম থানার ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত), দুই এসআই ও তিন কনস্টেবলকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জেলা জামায়াতের আমীর আবদুল মুনায়েমসহ ২৮ জনকে আটক করা হয়েছে। ওই তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৩২৬ ঘ.
bdnews24