২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ক কর্মীদের বেতন পরিশোধে সরকারকে সময়

সাত দিনের মধ্যে বেতন-বোনাস পরিশাধ করা না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ জালিয়াতির অভিযোগের প্রেক্ষাপটে বন্ধ থাকা হল-মার্ক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইম পরিশোধের জন্য সরকারকে সাতদিন সময় বেধে দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় শতাধিক শ্রমিকের অংশগ্রহণে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে লাল পতাকা মানববন্ধন থেকে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এ ঘোষণা দেন। তিনি বলেন, “শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস এবং আইনানুগ ক্ষতিপূরণ পরিশোধ যদি এই সাতদিনে না হয় তাহলে ৮ দিনের দিন আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা শুরু করবো।” সোনালী ব্যাংক থেকে নিয়ম ভেঙে আড়াইশ কোটি টাকার বেশি অর্থ ঋণ নেয়ার অভিযোগে হল-মার্কের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহা ব্যবস্থাপক গ্রেপ্তার হওয়ার পর এই গ্রুপের বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৩০ হাজার শ্রমিকের বেতন-ভাতা আটকে যায়। শ্রমিকদের আন্দোলন, বিক্ষোভ ও ভাঙচুরের পরিপ্রেক্ষিতে ঈদের আগে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা হলেও ঈদ বোনাস ও ওভার টাইমের পাওনা বকেয়া রেখেই গত ২৫ অক্টোবর থেকে ছুটি ঘোষণা করা হয় এ গ্র“পের সব কারখানায়। শ্রমিকদের বলা হয় ৩ নভেম্বর কারখানা খুললে বকেয়া টাকা ও অক্টোবর মাসের বেতন দেয়া হবে। কিন্তু ওই ছুটি শেষ হওয়ার আগেই ২৯ অক্টোবর রাতে সব কারখানায় অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়া হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “তিন বছরে বিভিন্ন ব্যাংক থেকে তারা (হল-মার্ক গ্রুপ) টাকা সরিয়েছে। কিন্তু তখন সরকারের টনক নড়েনি। এমনকি অর্থমন্ত্রী তো পরবর্তীতে বলেই বসলেন যে এটা কিছুই না। আজকে শ্রমিকরা বেতন পাচ্ছে না, বোনাস পাচ্ছে না। এসব দাবিতে সমবেত হলে পুলিশের মার খাচ্ছে।” শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে দূরে রাখার জন্য এটাকে ‘সরকারি পদক্ষেপ’ হিসাবে আখ্যায়িত করেন মেনন। “প্রশ্ন উঠতে পারে হলমার্ক তো একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। তাহলে সরকার এই দায় দায়িত্ব নেবে কেন? আমি বলবো চুরির টাকাটা জনগণের। তাই জনগণ এবং সরকারের দায়িত্ব রয়েছে এদের প্রতি”, যোগ করেন তিনি। কোম্পানি আইন পরিবর্তন না করে এর বিধান পরিবর্তন করে এ ধরনের প্রতিষ্ঠান চালু রাখার পক্ষেও মত দেন মেনন। ফেডারেশনের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ চুরি হওয়া টাকার হদিস জানাতে সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অন্যদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা শিরিণ আখতার, শ্রমিক কর্মচারি ঔক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়কারি ড. ওয়াজেদুল ইসলাম খান, ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসান, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/আরএ/১৪৪৭ ঘ.